দিনাজপুরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেফতার

২৫ ডিসেম্বর, ২০২৫

দিনাজপুরে পৃথক পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সুকান্ত সরকার ও যুবলীগ নেতা মো. আরফিন শাহ নামের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

আটককৃত মো. আরফিন শাহ চিরিরবন্দর উপজেলা যুবলীগের সহ সভাপতি ও উপজেলার আন্ধারমুহা গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং সুকান্ত সরকার ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের গিরিধরপুর গ্রামের মৃত গোপেস্বর সরকারের ছেলে।

বুধবার দিবাগত রাতে চিরিরবন্দরের আন্ধারমূহা বাজার হতে পুলিশ চিরিরবন্দর উপজেলা যুবলীগের সহ সভাপতি মো. আরফিন শাহকে রাজনৈতিক মামলায় আটক করে। অপরদিকে বৃহস্পতিবার ভোরে সুকান্ত সরকারকে তার নিজ মালিকানাধীন শুভ ব্রিকস ইট ভাটায় অভিযান চালিয়ে তাকে গেপ্তার করা হয়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আহসান হাবীব আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মো. আরফিন শাহকে গ্রেফতারের পরপরই আদালতে পাঠানো হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আব্দুল লতিফ শাহ জানান, রাতভর বিশেষ অভিযানে আটক সুকান্ত সরকারকে বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।