২৫ ডিসেম্বর, ২০২৫
কুড়িগ্রামে দিন যতই যাচ্ছে ততই শীতের তীব্রতা বেড়েই চলেছে। পৌষের প্রথম দিকেই ঘন কুয়াশা এবং হিমেল হাওয়াসহ শীতের তাণ্ডব কুড়িগ্রামের জনজীবনকে অস্বাভাবিক করে তুলেছে।
আজ বৃহস্পতিবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ১০০ ভাগ। বিকেল থেকে শুরু করে পরদিন সকাল পর্যন্ত স্থানভেদে মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ।
রাতভর বৃষ্টির মতো ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ছে কুয়াশা। সেইসঙ্গে শিরশিরে বাতাস প্রবাহিত হওয়ায় সূর্যোদয়ের আগপর্যন্ত তীব্র শীত অনুভূত হচ্ছে। বেলা গড়িয়ে অনেক দেরিতে সূর্যের দেখা মেলায় বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষজন। তীব্র শীতের কারণে কাজে যেতে বিলম্ব হচ্ছে অনেক শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের।
শীতের প্রভাবে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে বয়োবৃদ্ধ ও শিশুরা নানা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বেশি। এ ছাড়া হাসপাতালে শীতের প্রভাবে অন্যান্য সময়ের তুলনায় রোগীর সংখ্যা বেড়েছে।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আগামী ২-৩ দিনের মধ্যেই একটি মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে এই জেলায়।