চট্টগ্রাম বন্দরে কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড

২৬ ডিসেম্বর, ২০২৫

একাধিক টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে বিতর্ক চলমান থাকলেও কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর। ২০২৫ সাল শেষ হতে এখনো কয়েকদিন বাকি থাকলেও ইতোমধ্যে ২০২৪ সালের রেকর্ড ছাড়িয়ে গেছে চলতি বছরের কার্যক্রম।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত বন্দরে মোট ৩৩ লাখ ৩৬ হাজার ৩৩৯ টিইইউএস (২০ ফুট সমমান) কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে, যা আগের পুরো বছরের তুলনায় প্রায় ৬১ হাজার বেশি। ২০২৪ সালে বন্দরের ইতিহাসে সর্বোচ্চ ৩২ লাখ ৭৫ হাজার টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল। বছরের অবশিষ্ট সময়ে এই সংখ্যা আরও বাড়বে এবং বছর শেষে তা ৩৪ লাখ টিইইউএস ছাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুধু কনটেইনার নয়, কার্গো হ্যান্ডলিংয়েও রেকর্ড সৃষ্টি হয়েছে। চলতি বছরের ২৩ ডিসেম্বর পর্যন্ত বন্দরে ১৩ কোটি ৫১ লাখ ২৭ হাজার ৮৮৮ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং হয়েছে, যেখানে গত বছর পুরো বছরে ছিল ১২ কোটি ৩৯ লাখ ৮৬ হাজার মেট্রিক টন। 

একই সঙ্গে জাহাজ হ্যান্ডলিংয়ের সংখ্যাও বেড়েছে। ২০২৪ সালে বন্দরে ৩ হাজার ৮৫৭টি জাহাজ হ্যান্ডলিং হলেও ২০২৫ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত তা দাঁড়িয়েছে ৪ হাজার ১৭৭টিতে। বন্দর কর্তৃপক্ষের সদস্য (মেরিন ও হারবার) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ বলেন, অটোমেশন কার্যক্রম জোরদার করা, কাস্টমসের সঙ্গে নিবিড় সমন্বয় এবং ইয়ার্ড ম্যানেজমেন্ট নতুনভাবে সাজানোর ফলে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক খায়রুল আলম সুজন বলেন, প্রতি বছর কনটেইনার হ্যান্ডলিংয়ে গড়ে ৫ শতাংশ প্রবৃদ্ধি হচ্ছে। এ হিসেবে ২০২৯ সালের দিকে আরও ৮ লাখ কনটেইনার হ্যান্ডলিং করতে হবে, যা বর্তমান অবকাঠামো দিয়ে সম্ভব নয়। তাই নতুন টার্মিনাল চালু না হওয়া পর্যন্ত এই চাপ মোকাবিলায় এখনই পরিকল্পনা গ্রহণ জরুরি।

বন্দর সংশ্লিষ্টরা জানান, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি, পরিবহন ধর্মঘট ও সিএন্ডএফ এজেন্টদের কর্মবিরতিসহ নানা প্রতিকূলতার মধ্যেও এই সাফল্য অর্জিত হয়েছে। বহুল আলোচিত নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব চিটাগাং ড্রাইডক লিমিটেডকে দেওয়ার পর সেখানে কাজের গতি বেড়েছে। 

নতুন সরঞ্জাম সংযোজনের ফলে বিদেশি প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে পরিচালিত পতেঙ্গা কনটেইনার টার্মিনালেও হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বন্দরে গাড়ি প্রবেশে অটোমেশন, জাহাজের ওয়েটিং টাইম কমানো ও ইয়ার্ড সম্প্রসারণও এই সাফল্যে ভূমিকা রেখেছে।