বিপিএলের প্রথম ম্যাচে সৌম্যকে পাচ্ছেনা নোয়াখালী এক্সপ্রেস

২৬ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর শুরু হচ্ছে আগামীকাল (শুক্রবার)। উদ্বোধনী দিনে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস। তবে দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকারকে প্রথম ম্যাচে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি।

পারিবারিক কারণে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন সৌম্য। ফলে নোয়াখালীর হয়ে বিপিএলের প্রথম ম্যাচে তাঁর খেলা হচ্ছে না। এমনকি সিলেট পর্বেও তাঁকে নাও পাওয়া যেতে পারে। যদি পাওয়া যায়, তবে সিলেট পর্বের শেষ দিকেই দলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম পর্ব থেকে সৌম্য দলের সঙ্গে থাকবেন বলে আশা করা হচ্ছে। নোয়াখালী এক্সপ্রেসের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বিপিএল নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো দুজন করে দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ পায়। সেই সুযোগ কাজে লাগিয়ে নোয়াখালী এক্সপ্রেস পেসার হাসান মাহমুদ ও সৌম্য সরকারকে দলে নেয়। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শেষে বিপিএলের প্রস্তুতিও নিচ্ছিলেন সৌম্য। তবে পারিবারিক কারণে তাকে হঠাৎ করেই দেশের বাইরে যেতে হয়। গত আসরে ফরচুন বরিশালের হয়ে শিরোপা জেতেন এই অভিজ্ঞ ব্যাটার।

নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াড

হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিস, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, হাবিবুর রহমান সোহান, নাজমুল ইসলাম অপু, আবু হাশিম, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, মেহেদি হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, ইহসানউল্লাহ, হায়দার আলি ও রহমতউল্লাহ।