তারেক রহমানের দেশে ফেরায় রংপুরে বিএনপি চাঙ্গা

২৬ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রায় ১৮ বছর পর বৃহস্পতিবার দেশে ফিরেছেন। তার এই প্রত্যাবর্তনে রংপুর বিভাগের রাজনীতিতে নতুন গতি সঞ্চার হয়েছে বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা। দলের দাবি, তারেক রহমানের দেশে ফেরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর অঞ্চলে বিএনপির জন্য ‘টনিকের মতো’ কাজ করবে।

তারেক রহমানকে স্বাগত জানাতে রংপুর থেকে হাজার হাজার বিএনপি নেতাকর্মী ঢাকায় যান। ইতোমধ্যে তাদের অনেকেই রংপুরে ফিরতে শুরু করেছেন। নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উদ্দীপনা ও চাঙ্গাভাব।

রংপুরকে দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হলেও বিএনপির নেতারা বলছেন, এবারের রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন। তারেক রহমানের প্রত্যাবর্তনের পর রংপুরের ছয়টি সংসদীয় আসনেই বিজয়ের প্রত্যাশা করছেন বিএনপির একাধিক মনোনীত প্রার্থী। তাদের মতে, এবার জাতীয় পার্টির ঘাঁটিতে ‘মাটি থাকবে না’।

দলীয় সূত্র জানায়, গত কয়েক মাস ধরেই রংপুরের ছয়টি আসনে বিএনপির প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালাচ্ছেন। এসব আসনে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী দিয়েছে। এছাড়া দুটি আসনে এনসিপির প্রার্থী রয়েছেন। অন্যান্য দলও প্রতিদ্বন্দ্বিতায় আছে।

জাতীয় পার্টির পক্ষ থেকে রংপুর সদর আসনে দলের চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি রংপুর-৪ আসনেও জাপার প্রার্থী মনোনয়ন নিয়েছেন। বাকি আসনগুলোতেও জাতীয় পার্টি তাদের প্রার্থী চূড়ান্ত করেছে।

তবে মাঠপর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, আগের মতো জাতীয় পার্টির সেই প্রভাব আর দৃশ্যমান নয়। নির্বাচনী মাঠে বিএনপি, জামায়াত, এনসিপিসহ অন্যান্য দল সক্রিয় রয়েছে। সাধারণ ভোটারদের ধারণা, এবার রংপুরে জাতীয় পার্টি তেমন সুবিধা করতে পারবে না।

বিএনপির নেতারা বলছেন, মনোনয়নকে কেন্দ্র করে দলে কিছুটা বিভক্তি থাকলেও তারেক রহমানের দেশে ফেরার পর দল আবারও ঐক্যবদ্ধ হয়েছে। এতে নির্বাচনী প্রচারণা আরও জোরদার হবে।

রংপুর-৩ (সদর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামু বলেন, তারেক রহমানের দেশে ফেরায় রংপুরে ধানের শীষের পক্ষে জোয়ার এসেছে। সদর আসনসহ সব আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হবেন বলে আমরা আশাবাদী।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, তারেক রহমানের আগমনে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। রংপুরে সবাই ধানের শীষের পক্ষে এক হয়েছে। তার দেশে ফেরা নির্বাচনে বিএনপির বিজয়কে আরও ত্বরান্বিত করবে।