ব্রাহ্মণবাড়িয়ায় জমি দখল নিয়ে হামলা ও অগ্নিসংযোগ

২৭ ডিসেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দীর্ঘদিনের জমি দখল বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ হামলায় তিনটি বাড়িতে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এতে অন্তত একজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে দেওড়া গ্রামের শিপন মিয়া ও ইদন মিয়ার নেতৃত্বে একদল দাঙ্গাবাজ প্রতিপক্ষ দানা মিয়ার পক্ষের বায়েজিদ বোস্তামি, আবদুল হান্নান ও কালা মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তিনটি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে মালামাল লুটপাট করে এবং পরে আগুন ধরিয়ে দেয়।

এ সময় হামলায় ইসহাক মিয়া (৩৫) গুরুতর আহত হন। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, দেওড়া গ্রামে প্রায় সোয়া শতক সরকারি জমির দখল নিয়ে দানা মিয়া ও শিপন মিয়ার লোকজনের মধ্যে কয়েক বছর ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে গত ১৫ ও ২৩ নভেম্বর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে কমপক্ষে ২০ থেকে ২৫টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

গত ২৩ নভেম্বরের সংঘর্ষের সময় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে দানা মিয়ার পক্ষের আরফজ আলী (৬০) নিহত হন। এ ঘটনায় ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এর আগে ১৫ নভেম্বরের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, গভীর রাতে অগ্নিসংযোগের খবর পেয়ে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সারা রাত গ্রামে অবস্থান করে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।