২৭ ডিসেম্বর, ২০২৫
কুমিল্লার মনোহরগঞ্জে আত্মকর্মসংস্থান ও স্বনির্ভরতা গড়ে তুলতে দুইশ’ সুবিধাবঞ্চিত নারীকে সেলাই মেশিন এবং পাঁচজন পুরুষকে অটোরিকশা বিতরণ করেছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম।
শনিবার মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়ব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়ব বলেন, ‘আমাদের সন্তানদের সুশিক্ষা ও নৈতিকতা শেখাতে হবে। একই সঙ্গে কর্মমুখী শিক্ষার দিকে তাদের আগ্রহী করে তুলতে হবে। বিদেশগামীদের দক্ষ করে গড়ে তোলা এবং বাল্যবিবাহ রোধ করা অত্যন্ত জরুরি। ’
তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, শিক্ষা ও কর্মসংস্থানের হার বাড়াতে পারলেই দেশ ও জাতি এগিয়ে যাবে। মানুষের কল্যাণ ও সমাজসেবায় মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম ইতোমধ্যে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। কাতারপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা মোহাম্মদ জসিম উদ্দিন সিআইপির নেতৃত্বে সংগঠনটি ধারাবাহিকভাবে সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১’র পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মঞ্জুর মোরশেদ, মনোহরগঞ্জ থানার ওসি শাহিনুর ইসলাম, র্যাব হেডকোয়ার্টারের উপ-পরিচালক হুমায়ুন কবিরসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মাইন উদ্দীন সোহাগ, সহ-সভাপতি শওকত হোসেন বিপ্লব, সাবেক ছাত্রনেতা এইচ এম আরিফুর রহমানসহ অন্যান্য অতিথিরা।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী স্বাবলম্বী হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।