২৮ ডিসেম্বর, ২০২৫
কুমিল্লার বুড়িচংয়ে ছয়গ্রাম আলিম মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী ফোরামের প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় একটি র্যালি বের হয়ে বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মাদরাসার মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা–৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের এমপি প্রার্থী ড. মোবারক হোসাইন।
বক্তব্যে তিনি ছয়গ্রাম আলিম মাদরাসার দীর্ঘদিনের শিক্ষা ঐতিহ্য, নৈতিকতা ও দ্বীনি শিক্ষায় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, এই মাদরাসা শুধু আলেম তৈরি করেনি, বরং সমাজকে দিয়েছে নৈতিক নেতৃত্ব, আদর্শবান মানুষ ও মানবিক নাগরিক।
প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশে ড. মোবারক হোসাইন বলেন, অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে সমাজ, রাষ্ট্র এবং মানবতার কল্যাণে এগিয়ে আসতে হবে। দ্বীনি শিক্ষা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ই একটি আদর্শ সমাজ গঠনের মূল চাবিকাঠি।
প্লাটিনাম জয়ন্তীর মতো ঐতিহাসিক উপলক্ষ্যে তিনি মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও আয়োজকদের আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতে ছয়গ্রাম আলিম মাদরাসা আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।