বিরল সীমান্তে সাত বাংলাদেশি আটক

২৮ ডিসেম্বর, ২০২৫

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে পারাপারের সময় সাত বাংলাদেশি নাগরিককে আটক করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল শুক্রবার দিবাগত ভোর রাত সাড়ে ৪টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) তাদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি জানায়, আটকদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিরল থানায় হস্তান্তর করা হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কাজের সন্ধানে সাত মাস আগে তারা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন।

দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্তবর্তী এলাকায় অপরাধ কমাতে বিজিবি নিরবচ্ছিন্নভাবে অভিযান চালিয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।