অ্যাটকিনসনের চোটে শঙ্কায় ইংল্যান্ড

২৮ ডিসেম্বর, ২০২৫

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে দুই দিনে হারানোর পর ইংল্যান্ডের আনন্দে খামতি এল নতুন চোটের কারণে। ইংল্যান্ডের ডানহাতি পেসার গাস অ্যাটকিনসন মাঠে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে আক্রান্ত হন এবং দিনের বাকি সময় মাঠে ফেরেননি।

প্রথম ইনিংসে ট্রাভিস হেড ও উসমান খাজার উইকেট নেন অ্যাটকিনসন। পরে ম্যাচের দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংসে নামার পর হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেন তিনি। নিজের পঞ্চম ওভারের শেষ বল দেওয়ার পর হাত দিয়ে হ্যামস্ট্রিং ধরে রাখেন এবং হেঁটেই মাঠ ছাড়েন। অ্যাটকিনসনের পরিবর্তে ফিল্ডিংয়ে নামেন অলি পোপ।

ইংল্যান্ডের পেসারদের জন্য ইতিমধ্যেই চোট সমস্যা রয়েছে। পার্থে প্রথম টেস্টে হাঁটুর চোটে পুরো সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন মার্ক উড এবং সাইড স্ট্রেইনের কারণে জফরা আর্চার খেলতে পারেননি। এখন আরেক পেসারের চোট ইংল্যান্ডের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ম্যাচের পরে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বলেন, 'অ্যাটকিনসনকে মাঠ ছেড়ে যেতে দেখা হতাশাজনক। আমি মেডিকেল দলের সদস্য নই, তাই তাদের উপরই এটি ছেড়ে দিচ্ছি। স্ক্যানের পরই আমরা তার পরিস্থিতি বুঝতে পারব। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে তার অবস্থা কী।'

সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে অ্যাটকিনসনের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। সিডনিতে ম্যাচটি শুরু হবে আগামী ৪ জানুয়ারি।