একটি দল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: নবীউল্লাহ নবী

২৮ ডিসেম্বর, ২০২৫

 রবিবার যাত্রাবাড়ীতে বিনামূল্যে চক্ষুসেবা কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী

ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী বলেছেন, ‘বর্তমানে একটি বিশেষ ধর্মভিত্তিক দল নিত্যনতুন নানা ইস্যু তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তারা ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তারা ধর্মের নামে ভোটের বৈতরণী পার হতে চায়, যা ইসলাম এবং গণতন্ত্র—উভয় আদর্শের পরিপন্থী।’

রবিবার যাত্রাবাড়ীতে বিনামূল্যে চক্ষুসেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নবীউল্লাহ নবীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই কার্যক্রমে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চোখ পরীক্ষাসহ চোখের ছানি অপারেশন, লেন্স স্থাপন এবং অষুধ ও চশমা দেওয়া হয়।

নবীউল্লাহ নবী আরও বলেন, দেশের লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। পতিত স্বৈরাচারের দোসররা এখনো দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। তারা দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায়। এই অস্থিতিশীলতা বন্ধ করতে এবং দেশের শান্তি-শৃঙ্খলার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে জয়ী করে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।

বিগত সরকারের আমলের বঞ্চনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী দুঃশাসনে দেশ যেভাবে লুণ্ঠিত হয়েছে, তেমনি ঢাকা-৫ আসনটি চরমভাবে অবহেলিত ছিল। বিশেষ করে শিক্ষা, দীক্ষা ও উন্নয়নের দিক থেকে এই এলাকাকে কয়েক দশক পিছিয়ে দেওয়া হয়েছে। এখানকার রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা জরাজীর্ণ। বিএনপি ক্ষমতায় এলে অগ্রাধিকার ভিত্তিতে এই এলাকাকে একটি আধুনিক ও তিলোত্তমা জনপদ হিসেবে গড়ে তোলা হবে।’

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে নবীউল্লাহ নবী বলেন, ‘স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে এবং রাজপথে সক্রিয় থাকার চেষ্টা করছে। তারা জনগণের বিজয়কে নসাৎ করতে চায়। তাই আমাদের সজাগ থাকতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত মাঠ ছাড়া যাবে না।’