২৮ ডিসেম্বর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধভাবে রাতের আঁধারে কৃষি জমির মাটি কাটার অভিযোগে দুইজনকে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন আদালত। শনিবার দিবাগত রাত ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান এই কারাদণ্ড দেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর এলাকার ফয়সাল আহমেদ (২৩) ও একই ইউনিয়নের হৃদয় মিয়া (২১)। তাদের মধ্যে ফয়সালের বাবা আবু হানিফ বর্তমানে আউটসোর্সিং এর ভিত্তিতে নিয়োগ পাওয়া উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) নাহিদ ফাতেমার গাড়ি চালক।
গত ১৮ ডিসেম্বর গুচ্ছগ্রাম সরকারি আবাস্থলের বাসিন্দারা রাতের আধারে কৃষিজমির মাটির কাটার বিষয়ে জেলা প্রশাসক ও জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মির্জাপুরের কাইয়ুম মিয়া, মুন্না, বাবুল মিয়া, গুচ্ছগ্রামের সরকারি আবাস্থলের সভাপতি সাঈদ মিয়া ও স্থানীয় আনিছ মিয়া অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছেন। তারা গুচ্ছগ্রামের উত্তরপাশে কৃষি জমি থেকে মাটি আনা-নেওয়ার জন্য সরকারি গাছ কেটে নিজ টাকা খরচে সড়ক নির্মাণ করেছেন। গত ১০-১৫ দিন ধরে তারা মাটি কেটে নিয়ে যাচ্ছেন। অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে ১০৭ ধারার একটি মামলা চলমান রয়েছে।
উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার গুচ্ছগ্রাম আশ্রয়ন প্রকল্পের পাশের কৃষিজমি থেকে গত কয়েকদিন ধরে রাতের আঁধারে ট্রাক্টরে করে মাটি কেটে নিয়ে যাচ্ছেন একটি চক্র। স্থানীয় লোকজন ও সচেতন মহল বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান খবর পেয়ে একাধিকবার গুচ্ছগ্রামে যান। কিন্তু কাউকে না পাওয়ায় কোনো ব্যবস্থা নিতে পারেননি তিনি। গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে মাটি খেকোদের অবস্থান জানতে পেরে সহদেবপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালেতর অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান। এসময় মাটি কাটার দায়ে ফয়সাল ও হৃদয়কে আটক করা হয়। পরে অবৈধভাবে মাটি কাটার দায়ের তাদের দুইজনকে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান বলেন, অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে দুইজনকে হাতেনাতে আটক করে ৭ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে।