টি-টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চিত রাবাদা

২৯ ডিসেম্বর, ২০২৫

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে বড় দুশ্চিন্তায় পড়েছে দক্ষিণ আফ্রিকা। দলের প্রধান পেস অস্ত্র কাগিসো রাবাদার ফিটনেস নিয়ে তৈরি হয়েছে শঙ্কা, যা বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়েই প্রশ্ন তুলছে।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য দক্ষিণ আফ্রিকা ২ জানুয়ারি ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করবে। তার আগে সময়ের সঙ্গে রীতিমতো লড়াই চালিয়ে যাচ্ছেন রাবাদা।

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচকদের কাছে নিজের ফিটনেস প্রমাণের চেষ্টায় আছেন ডানহাতি এই পেসার। বর্তমানে পাঁজরের চোটে ভুগছেন ৩০ বছর বয়সী রাবাদা। এই চোটের কারণে এসএ২০ লিগে এমআই কেপ টাউনের হয়ে মৌসুমের উদ্বোধনী ম্যাচ খেলতে পারেননি তিনি। এমনকি দ্বিতীয় ম্যাচ থেকেও তার ছিটকে পড়া নিশ্চিত হয়েছে। ফলে স্কোয়াড ঘোষণার সময় যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে অনিশ্চয়তা।

সবশেষ গত অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নেমেছিলেন রাবাদা। দুটি টেস্টে চার উইকেট নিলেও এরপর পাঁজরের স্ট্রেস ইনজুরির কারণে ভারতের বিপক্ষে পুরো সফর মিস করেন। গত ছয় মাসে দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র নয়টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি, যা নির্বাচকদের উদ্বেগ আরও বাড়িয়েছে।

রাবাদার মতো অভিজ্ঞ ও ভয়ংকর পেসারকে ছাড়া খেলতে হলে প্রোটিয়াদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন বড় ধাক্কা খেতে পারে এমনটাই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

এদিকে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ জুড়েই চোটের সমস্যা প্রকট। জেরাল্ড কোয়েটজি ২০২৫ সালের বড় একটা সময় ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন এবং আপাতত নির্বাচকদের ভাবনায় নেই।

তবে স্বস্তির খবরও রয়েছে। পাকিস্তান সফর মিস করা কিয়েনা মাফাকা হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে উঠে বর্তমানে এসএ২০ লিগে খেলছেন। আর রাবাদার ক্ষেত্রেও আশার আলো এমআই কেপ টাউনের হয়ে তৃতীয় ম্যাচে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।

এখন দেখার বিষয়, সময়ের সঙ্গে এই লড়াইয়ে জয়ী হয়ে কাগিসো রাবাদা নিজেকে কতটা প্রস্তুত করে তুলতে পারেন। কারণ তার ফিটনেসের ওপরই অনেকটাই নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ভাগ্য।