সিলেট-৬ আসনে চূড়ান্ত মনোনয়ন পেলেন ফয়সল আহমদ

২৯ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসন থেকে অবশেষে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ফয়সল আহমদ চৌধুরী। এর আগে এমরান আহমদ চৌধুরীকে এই আসনের প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল।

সিলেট-৬ আসনের মনোনয়ন পরিবর্তন করে ফয়সল চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন ঘোষণার পর গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এলাকায় দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা দেখা গেছে।

নেতাকর্মীরা বলছেন, ফয়সল আহমদ চৌধুরী ২০০৭ সাল থেকে এলাকার মানুষের জন্য নিরলসভাবে কাজ করেছেন এবং এখনো করছেন। রাজনৈতিক প্রতিকূল সময়ে তিনি জনগণের পাশে থেকেছেন। বন্যা, করোনাকালীন দুঃসময়ে মানুষের পুনর্বাসন, জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে দান-অনুদান, শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নধর্মী কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষ, দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সংগঠিত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে ফয়সল আহমদ চৌধুরী ধানের শীষের প্রার্থী ছিলেন।