এক বছরে মোংলার উপকূলে ৪৯ ডাকাতসহ শতাধিক অপরাধী আটক

২৯ ডিসেম্বর, ২০২৫

গত এক বছরে মোংলার উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে ব্যাপক সফলতা অর্জন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সাগর ও সুন্দরবনে অভিযান পরিচালনা করে ৪৯ জন ডাকাতকে আটক করেছে বাহিনীটি। 

এসময় উদ্ধার করা হয় ৩৮টি আগ্নেয়াস্ত্র ও ৪৪৮ রাউন্ড গুলি। পাশাপাশি দস্যুদের জিম্মিদশা থেকে উদ্ধার করা হয় ৫২ জন জেলে। মাদকবিরোধী অভিযানে ৫ হাজার ৬৭৪ পিস ইয়াবা, ১৩ কেজি গাঁজা, ১ হাজার ২৫৬ বোতল বিদেশি মদ ও বিয়ার উদ্ধারসহ ৫১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ অভিযানে ৮২৪ কেজি হরিণের মাংস, ৬০০টি ফাঁদ উদ্ধার এবং ২৯ জন চোরা শিকারিকে আটক করা হয়েছে। মৎস্য সংরক্ষণ অভিযানে ১২ কোটি মিটার অবৈধ জাল, ১২০ কোটি টাকা মূল্যের রেণু পোনা এবং ১৪ হাজার কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। সেবা কার্যক্রমের অংশ হিসেবে কোস্ট গার্ড ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ৫০০ জনকে শীতবস্ত্র প্রদান করেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তর (মোংলা)-এ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলাম। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোস্ট গার্ড প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে উপকূলীয় এলাকাগুলোতে গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে এবং সদস্যদের নির্বাচনকেন্দ্রিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সফরকালীন সময়ে নৌপথে নিরাপত্তা নিশ্চিত করা হয়। সুন্দরবনে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে পর্যটকবাহী নৌযানে লাইফ জ্যাকেট ব্যবহার ও অতিরিক্ত যাত্রী বহন রোধে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। এছাড়া নৌবাহিনী, র‍্যাব, পুলিশ, বন বিভাগ, মৎস্য অধিদপ্তরসহ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়ে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

কোস্ট গার্ড পশ্চিম জোন ভবিষ্যতেও উপকূলীয় নিরাপত্তা, বন্দর রক্ষা, বনজ সম্পদ সংরক্ষণ ও মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাবে বলে জানান তিনি।