মুন্সীগঞ্জে ফার্মেসিতে ভোক্তা অধিকারের জরিমানা

৩০ ডিসেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জে একটি ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের দায়ে দশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সদর উপজেলার সুখবাসপুর এলাকায় এ জরিমানা করা হয়। 

জানা যায়, মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ সদর উপজেলার সুখবাসপুর এলাকায় একটি অভিযান চালায়। এ সময় রাজিব পোল্ট্রি ফিড এন্ড মেডিসিনে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করার দায়ে প্রতিষ্ঠানটির মালিক মো. রফিকুল ইসলাম পান্না (ঢালি)-কে দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন না করার নির্দেশ দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম।