৩০ ডিসেম্বর, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়কের পাশে কনকনে শীতের মধ্যে উদ্ধার হওয়া দুই শিশুর দায়িত্ব নিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিসির নির্দেশনায় আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার উদ্ধার হওয়া শিশু দুটিকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসেন।
এ সময় জেলা প্রশাসক শিশু দুটির শারীরিক অবস্থা, পারিবারিক পরিচয় ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। শিশুদের অসুস্থতা ও দুর্বল অবস্থা বিবেচনায় নিয়ে তিনি তাৎক্ষণিকভাবে তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন এবং চিকিৎসা ও প্রাথমিক প্রয়োজন মেটাতে আর্থিক সহায়তা প্রদান করেন।