সিরাজদিখানে ছয়তলা ভবনে অগ্নিকাণ্ড

৩০ ডিসেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি মোবাইল ও মোবাইল সার্ভিসিং যন্ত্রপাতির দোকান থেকে আগুন লেগে খাজা টাওয়ার নামে একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ভবনটি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ইছাপুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভবনের নিচতলায় অবস্থিত ‘পায়েল টেলিকম’ নামের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, দোকানে থাকা মোবাইল ফোন ও সার্ভিসিংয়ের বিভিন্ন যন্ত্রপাতিসহ মূল্যবান মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস সূত্রে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন ভবনের অন্যান্য তলা কিংবা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়েনি। এ ঘটনায় পরবর্তী আইনগত ও কারিগরি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।