৩১ ডিসেম্বর, ২০২৫
কক্সবাজারের চকরিয়ায় বিল থেকে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার কাকারা ইউনিয়নের দরগা রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
সাইফুল ইসলাম দরগা রাস্তার মাথা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
তার পরিবারের সদস্যরা জানান, গত শনিবার দুপুরে সাইফুলের দুই প্রতিবেশী নুরুল ইসলাম ও ফরিদুল আলমের মধ্যে জমি নিয়ে মারামারি হয়। বিরোধপূর্ণ জমিটি ছিল সাইফুল ইসলামের বাড়ির পাশে। এ মারামারির ঘটনায় নুরুল ইসলামের স্ত্রী জেসমিন আক্তার মামলা করেন। মামলায় সাইফুল ইসলামকেও আসামি করা হয়। ওই মামলার জন্য রাতে পুলিশ আসামি গ্রেপ্তার করতে এলে সাইফুল দৌড়ে পালানোর চেষ্টা করেন।
নিহত সাইফুল ইসলামের স্ত্রী রিনা আকতার বলেন, পুলিশ থেকে বাঁচতে তার স্বামী দৌড় দিয়েছিলেন। পুলিশ যাওয়ার পরও সাইফুল ইসলাম ঘরে না ফিরলে তারা খুঁজতে গিয়ে বিলে তার মরদেহ পান। এই হত্যার সঙ্গে নুরুল ইসলামের লোকজন জড়িত বলে দাবি করেন তিনি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘সাইফুল একটি মামলার এজাহারভুক্ত আসামি। রাত সাড়ে ১২টার দিকে তাকে ঘরে না পেয়ে পুলিশ ফিরে আসে। পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।'