৩১ ডিসেম্বর, ২০২৫
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কার করা হয়েছে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুনকে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় জাতীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হাসান মামুনকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়া সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থি। তাই দলকে শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেন বিএনপির প্রভাবশালী নেতা হাসান মামুন। তার এই সিদ্ধান্ত ঘিরে এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।