৩১ ডিসেম্বর, ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। মো. রাশিদুল ইসলাম রাশেদকে আহ্বায়ক ও আবু রায়হান রাফিকে সদস্যসচিব করে ৯৯ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, আগামী ছয় মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদিত হলো।
কমিটিতে আহ্বায়ক, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ১২ জন; সদস্যসচিব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব, যুগ্ম সদস্যসচিব ১১ জন; মুখ্য সংগঠক, জ্যেষ্ঠ মুখ্য সংগঠক তিনজন; যুগ্ম মুখ্য সংগঠক চারজন; সংগঠক ২৫ জন; মুখপাত্র, জ্যেষ্ঠ সহ-মুখপাত্র, সহ-মুখপাত্র ১৩ এবং সদস্য ২৪ জন।
রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মো. রাশিদুল ইসলাম রাশেদ জানান, তাঁকে আহ্বায়ক করে রাতে ৯৯ সদস্য বিশিষ্ট জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা ও কর্মসূচির আলোকে তাঁদের কর্মকাণ্ড পরিচালিত হবে। তবে সব ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।