যে রেকর্ডে সাকিবকে টপকালেন আমির

০১ জানুয়ারী, ২০২৬

নতুন বলে মোহাম্মদ আমিরের প্রথম ওভারই যেন বুঝে উঠতে পারেননি সাইফ হাসান। একের পর এক ডট বল খেলে পুরো ওভারটি মেডেন দেন ঢাকা ক্যাপিটালসের ওপেনার। আর সেই মেডেন ওভারেই টি-টোয়েন্টি ক্রিকেটে এক গুরুত্বপূর্ণ রেকর্ডে সাকিব আল হাসানকে টপকে গেলেন সিলেট টাইটান্সের পাকিস্তানি পেসার।

দীর্ঘ টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি আমিরের ২৮তম মেডেন ওভার। এই সংস্করণে তার চেয়ে বেশি মেডেন রয়েছে কেবল ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনিল নারিনের ৩৩টি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবারের ম্যাচের আগে পর্যন্ত ২৭টি মেডেন নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিলেন আমির ও সাকিব। ঢাকার ইনিংসের প্রথম ওভারেই মেডেন করে সাকিবকে পেছনে ফেলে এককভাবে দ্বিতীয় স্থানে উঠে যান আমির।

প্রায় ১৮ বছরের ক্যারিয়ারে ৩৪৪ ম্যাচ ও ৪৫৯ ইনিংসে সাকিব আল হাসানের মেডেন ওভার ২৭টি। অন্যদিকে ৩৪৪ ম্যাচে ২৮টি মেডেন নিয়ে পেসারদের মধ্যে শীর্ষে আছেন আমির। তার পরে আছেন ভারতের ভুবনেশ্বর কুমার, যিনি ৩১৫ ইনিংসে করেছেন ২৬টি মেডেন।

সবার ওপরে থাকা সুনিল নারিন ১৫ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫৬৭ ইনিংসে করেছেন সর্বোচ্চ ৩৩টি মেডেন ওভার।