স্ট্রোক করেছেন ‘দূরে কোথাও’ গায়ক তৌসিফ

০২ জানুয়ারী, ২০২৬

সংগীতশিল্পী তৌসিফ আহমেদ গত ২৯ ডিসেম্বর বাসায় জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে মাথায় প্রচণ্ড আঘাত লেগে রক্তক্ষরণ হয়। এজন্য তাকে ২৭টি সেলাই দিতে হয়। এসময় চিকিৎসকরা জানিয়েছেন, পড়ে যাওয়ার পর তার স্ট্রোক হয়েছিল।

গণমাধ্যমের তথ্য থেকে জানা যায়, গত বৃহস্পতিবার টানা তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হয়ে বাসায় ফেরেন তৌসিফ।

গণমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, ২৯ ডিসেম্বর হঠাৎ মাথা ঘুরে পড়ে যাই। মাথায় মারাত্মক আঘাত লাগে, অনেক রক্ত বের হয়। পরে ২৭টা সেলাই পড়েছে মাথায়।

দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। এ কারণে আগের মতো নিয়মিত কাজ করতে পারছেন না।

তৌসিফ বলেন, আলহামদুলিল্লাহ, এখন আগের চেয়ে ভালো আছি। তবে সামনে আরও অনেক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।