০৩ জানুয়ারী, ২০২৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঁশ বাগান থেকে ময়নুল ইসলাম তালুকদার (৪৫) নামের এক কলা ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার পশ্চিম পান্তাপাড়া এলাকায় বেলাল তালুকদারের বাঁশ বাগান থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ময়নুল ইসলাম তালুকদার ওই এলাকার মৃত দানেশ উদ্দিন তালুকদারের ছেলে। তিনি এলাকার একজন কলা ব্যবসায়ী।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ময়নুল ইসলাম তালুকদার বেশ কিছুদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সন্ধ্যার পর তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে ফেসবুকে পোস্ট করা হয়।
এক পর্যায়ে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে দুই যুবক বাগানে বাঁশ কাটার সময় একটি অজ্ঞাত মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে মরদেহের পরিচয় সনাক্ত করে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।