শীত উপেক্ষা করে এক ঘণ্টার চেষ্টায় কুকুর উদ্ধার

০৩ জানুয়ারী, ২০২৬

প্রচণ্ড শীত, ঠান্ডা পানি তবু মানবিকতার টানে পিছু হটেননি চার যুবক। এক ঘণ্টার চেষ্টায় পুকুরে পড়ে যাওয়া একটি কুকুরকে উদ্ধার করেছেন তারা।

শনিবার সকালে বরিশাল নগরীর রাখাল বাবুর পুকুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী বিথিকা জানান, রাখাল বাবুর পুকুরের চারপাশে ওয়াকওয়ে রয়েছে। সকালে তিনটি কুকুরের মারামারির একপর্যায়ে একটি কুকুর পুকুরে পড়ে যায়। বিষয়টি জানিয়ে ৯৯৯ নম্বরে কল করে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে তাদের পৌঁছাতে দেরি হওয়ায় স্থানীয় চার যুবক উদ্ধার কাজে নেমে পড়েন।

উদ্ধারে অংশ নেওয়া যুবক ইকু বলেন, 'সকালে পুকুরপাড়ের ওয়াকওয়েতে রোদ পোহাচ্ছিলাম। হঠাৎ দেখি একটি কুকুর পানিতে পড়ে গেছে। প্রথমে রুটি দিয়ে কুকুরটিকে তীরে আনার চেষ্টা করি। কিন্তু সফল না হওয়ায় অপুসহ চারজন পুকুরে নেমে পড়ি। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর কুকুরটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।'

পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে সহায়তা করে।

স্থানীয় বাসিন্দা মাহবুব মোর্শেদ শামীম বলেন, 'পুকুরের চারদিকে ওয়াকওয়ে থাকলেও ওঠানামার জন্য কোনো ঘাট নেই। এতে মানুষ বা প্রাণী যেকোনো সময় দুর্ঘটনায় পড়তে পারে। দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া জরুরি।'