০৩ জানুয়ারী, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ঝালকাঠি জেলার দুটি আসনে জমা দেওয়া ২৫ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বাতিল এবং ১৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তাঁদের প্রতিনিধিদের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মমিন উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।
ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরানের মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায়, স্বতন্ত্র (বিএনপি সমর্থক) গোলাম আজম সৈকতের ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মি থাকায়, স্বতন্ত্র (বিএনপি) মঈন আলম ফিরোজীর মনোনয়নপত্রে মৃত ব্যক্তির স্বাক্ষর থাকায়, গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেন শিক্ষাগত সনদ দাখিল না করায়, স্বতন্ত্র (বিএনপি নেতা) কর্নেল মোস্তাফিজুর রহমানের ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল ও ঋণ পরিশোধ না থাকায় এবং জাতীয় পার্টি (জাপা) প্রার্থী কামরুজ্জামান খানের দলের মনোনয়নপত্রের মূল কপি না থাকায় মনোনয়ন বাতিল করা হয়।
এ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, জামায়াতে ইসলামীর ড. ফয়জুল হক, ইসলামী আন্দোলনের ইব্রাহীম আল হাদী, এনসিপির ডা. মাহামুদা মিতু, জাতীয় পার্টি (জেপি) এনামুল ইসলাম রুবেল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সোহরাব হোসেন, জনতা দলের জসিম উদ্দিন তালুকদার, জাতীয় পার্টি (জেপি) মাহিবুল ইসলাম মাহিম এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থী সাব্বির আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর–নলছিটি) আসনে জাতীয় পার্টির এম. এ. কুদ্দুস খানের ঋণ পরিশোধ না থাকা, স্বতন্ত্র প্রার্থী মো. নুরুদ্দীন সরদারের ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলীর আয়কর বকেয়া থাকার কারণে মনোনয়ন বাতিল করা হয়েছে।
এ আসনে বিএনপির দলীয় প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জামায়াতে ইসলামীর শেখ নেয়ামুল করিম, ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম সিরাজী, আমার বাংলাদেশ (এবি পার্টি) শেখ জামাল হোসেন, এনপিপির ফোরকান হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মাসুদ পারভেজ এবং গণঅধিকার পরিষদের মোহাম্মদ মাহমুদুল ইসলাম সাগরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মমিন উদ্দিন জানান, ঝালকাঠি-১ আসনে ছয়জন এবং ঝালকাঠি-২ আসনে তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। আইন অনুযায়ী বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রমে পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।