নেত্রকোনায় ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

০৪ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার পাঁচটি আসনে জমা দেওয়া ৩০টি মনোনয়নপত্রের মধ্যে ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৫ জনের মনোনয়নপত্র বাতিল এবং মামলা ও আয়কর জটিলতার কারণে ৬ জনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

জেলা রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত যাচাই-বাছাই সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাফিকুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা। এ সময় প্রার্থী ও তাদের সমর্থকরাও উপস্থিত ছিলেন।

নেত্রকোনা-১ (দুর্গাপুর–কলমাকান্দা):
এ আসনে সাতজন প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন—স্বতন্ত্র প্রার্থী মো. লুৎফর রহমান (ডিপ্টি) এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের মো. বেলাল হোসেন।
বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল মান্নান (সোহাগ), বাংলাদেশ খেলাফত মজলিসের গোলাম রব্বানী এবং কমিউনিস্ট পার্টির মো. আলকাছ উদ্দিন মীর।

নেত্রকোনা-২ (সদর–বারহাট্টা):
সাতজনের মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল ও একজনের স্থগিত করা হয়েছে। বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুর রহিমের মনোনয়নপত্র বাতিল এবং ইসলামী ঐক্যজোটের মো. শরীফ উদ্দিন তালুকদারের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
বৈধ প্রার্থীরা হলেন—বিএনপির ডা. আনোয়ারুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মো. এনামুল হক, জাতীয় পার্টির এবিএম রফিকুল হক তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল কাইয়ূম এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফাজিম রহমান খান পাঠান।

নেত্রকোনা-৩ (আটপাড়া–কেন্দুয়া):
এ আসনে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। তারা হলেন—জাতীয় পার্টির মো. আবুল হোসেন তালুকদার, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. শামছুদ্দোহা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাকির হোসেন।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—বিএনপির রফিকুল ইসলাম হিলালী, স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) মো. দেলোয়ার হোসেন ভূইয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মো. খায়রুল কবীর নিয়োগী।

নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী):
ছয়জন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল ও একজনের স্থগিত করা হয়েছে। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকারের মনোনয়নপত্র বাতিল এবং মামলার কারণে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জলি তালুকদারের মনোনয়নপত্র স্থগিত করা হয়।
বৈধ প্রার্থীরা হলেন—বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর, বাংলাদেশ জামায়াতে ইসলামী মো. আল হেলাল তালুকদার, স্বতন্ত্র প্রার্থী (বাবরের স্ত্রী) তাহমিনা জামান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুখলেছুর রহমান।

নেত্রকোনা-৫ (পূর্বধলা):
চারজনের মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল ও একজনের স্থগিত করা হয়েছে। জাতীয় পার্টির ওয়াহিদুজ্জামান আযাদের মনোনয়ন বাতিল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মাসুম মোস্তফার মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—বিএনপির মো. আবু তাহের তালুকদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুরুল ইসলাম।

জেলা রিটার্নিং অফিসার জানান, যাদের মনোনয়নপত্র বাতিল বা স্থগিত হয়েছে তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।