গাইবান্ধায় ইউপি চেয়ারম্যান রাশেদ গ্রেফতার

০৪ জানুয়ারী, ২০২৬

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরএম মাহফুজার রহমান রাশেদকে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর বিশেষ অভিযানে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যার দিকে উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর আমেরতল এলাকা থেকে তাকে গ্রেফতার করে সাদুল্লাপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত মাহফুজার রহমান রাশেদ গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি ছিলেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারের পর রাতেই তাকে গাইবান্ধা সদর থানায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি।