০৪ জানুয়ারী, ২০২৬
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে যাত্রীবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। তবে তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় নোয়াখালী থেকে ভাসানচরগামী ট্রলারটি ভাসানচরের তীরের কাছাকাছি পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারটিতে ২০ জন যাত্রী ছাড়াও আশিক মাঝি ও তার দুই সহকারী ছিলেন। বেলা ১১টায় করিমবাজার ঘাট থেকে ট্রলারটি ছাড়ার কথা থাকলেও দুপুর ২টায় ভাসানচরের উদ্দেশে যাত্রা শুরু করে ট্রলারটি। সন্ধ্যা ৬টার দিকে ভাসানচরের কাছাকাছি এসে ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে যায় এবং যাত্রী ও মালামালসহ ডুবে যায়।
খবর পেয়ে ভাসানচর থেকে স্পিডবোট ও অন্যান্য ট্রলারের সহায়তায় যাত্রীদের উদ্ধার করা হয়। তবে মালামালসহ ট্রলারটি এখনো ঘটনাস্থলে ডুবে রয়েছে।
এ ব্যাপারে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল হাসান ট্রলারডুবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ট্রলারটিতে স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক ও বিভিন্ন এনজিওকর্মীসহ মোট ২৩ জন ছিলেন। ২০ জন যাত্রী, একজন মাঝি ও দুই সহকারী। সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কোনো নিখোঁজ নেই। ট্রলারে নারী যাত্রী বা রোহিঙ্গা কেউ ছিলেন না।