রাজধানীর পল্লবীতে কাজের বুয়া সেজে স্বর্ণালংকার চুরি, নারীসহ গ্রেপ্তার দুই

০৫ জানুয়ারী, ২০২৬

রাজধানীর পল্লবী থানা এলাকায় একটি বাসায় কাজের বুয়া সেজে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় চুরি হওয়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার আদাবরের একটি জুয়েলার্স থেকে উদ্ধার করে পুলিশ।

এর আগে বাসা থেকে ৯ ভরি স্বর্ণ ও নগদ টাকা চুরি করে চক্রের সদস্যরা। 

রবিবার (৪ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

এর আগে, গত শনিবার দুপুরে কাফরুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- শিউলী বেগম ওরফে লাকী ও মো. নাদিম হোসেন।

পল্লবী থানা সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর সন্ধ্যা ৫টার দিকে গৃহকর্তা সাবিহা মাহবুবা অভিযুক্ত শিউলীর সঙ্গে কথা বলে তাকে তার বাসায় কাজের জন্য নিয়োগ করে। পরে ৮ অক্টোবর সকাল ৭টায় কাজে যোগ দেয়।

সকাল ৯টায় সাবিহা কর্মস্থলে যাওয়ার পর বাসায় তার স্বামী, ছেলে এবং মা ছিলেন। রাত ৮টায় সাবিহা বাসায় ফিরে দেখেন তার মা অচেতন অবস্থায় শুয়ে আছেন এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার খোলা। ড্রয়ার থেকে ৯ ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ১৮ লাখ টাকা) এবং নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা চুরি হয়েছে। 
সাবিহার মা জানান, শিউলী তাকে পেঁপে ভাজি খাইয়েছে, তারপর তিনি অজ্ঞান হয়ে যান।

পরে শনিবার বাদী সাবিহার অভিযোগের ভিত্তিতে পল্লবী থানায় চুরির মামলা রুজু হয়।

মামলার পর পল্লবী থানা পুলিশ কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে শিউলীকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে শিউলী ঘটনার সত্যতা স্বীকার করে এবং তার দেখানো মতে আদাবর কাঁচা বাজারের প্রভা জুয়েলার্স থেকে ৮ ভরি ১ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় দোকানের কারিগর মো. নাদিম হোসেনকেও গ্রেপ্তার করা হয়।

ডিসি আরো জানায়, শিউলী ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় একই কৌশলে অসংখ্য চুরির ঘটনা ঘটিয়েছে।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ‎গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।