০৫ জানুয়ারী, ২০২৬
ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন, বোমা হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নেওয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সোমবার সকালে সিপিবি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে শহরের প্রেসক্লাব চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি কমরেড সাজিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড জহিরুল ইসলাম স্বপন, জেলা কমিটির সদস্য কমরেড মোজাম্মেল পাঠান এবং পিসভিশনের সভাপতি শেখ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস গণহত্যা ও লুণ্ঠনের ইতিহাস। তারা অভিযোগ করেন, গত ৩ জানুয়ারি রাতের আঁধারে ভেনেজুয়েলার বিভিন্ন প্রদেশে জনগণের ওপর বোমা হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করা হয়েছে, যা জাতিসংঘ সনদের লঙ্ঘন। বক্তারা আরও বলেন, মার্কিন প্রশাসনের মূল উদ্দেশ্য ভেনেজুয়েলার তেল ও প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করা এবং দেশটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।
সমাবেশ থেকে ভেনেজুয়েলার ওপর মার্কিন আগ্রাসন, বোমা হামলা ও অপহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।