০৫ জানুয়ারী, ২০২৬
ইতালিয়ান ফুটবল অধ্যায় শেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগে পা রাখলেন আর্জেন্টাইন স্ট্রাইকার ভালেন্তিন কাস্তেইয়ানোস। লাৎসিও থেকে তাকে দীর্ঘমেয়াদি চুক্তিতে দলে ভিড়িয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।
সোমবার এক বিবৃতিতে ওয়েস্ট হ্যাম জানায়, ২৭ বছর বয়সী কাস্তেইয়ানাসের সঙ্গে সাড়ে চার বছরের চুক্তি করা হয়েছে। পাশাপাশি চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর অপশনও রাখা হয়েছে।
২০২৩ সালে ইতালির সেরি আ ক্লাব লাৎসিওতে যোগ দেন কাস্তেইয়ানাস। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৫২ ম্যাচে ১৬ গোল করেছেন তিনি। এর মধ্যে গত মৌসুমেই ১০ গোল করে নজর কাড়েন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।
ওয়েস্ট হ্যামের বিবৃতিতে আরও জানানো হয়, নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচ থেকেই কাস্তেইয়ানাসকে দলে পাওয়া যাবে।
বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে কঠিন সময় পার করছে ওয়েস্ট হ্যাম। অবনমন অঞ্চলে থাকা দলটি টানা নয়টি লিগ ম্যাচে জয় পায়নি। ২০ ম্যাচ শেষে মাত্র ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১৮তম স্থানে অবস্থান করছে তারা।