ফরিদগঞ্জে পাঁচ প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

০৮ জানুয়ারী, ২০২৬

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় ও যৌথ বাহিনীর সমন্বয়ে ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যপণ্য তৈরির অপরাধে চিটাগাং বেকারিকে ২০ হাজার টাকা এবং একই অপরাধে স্বাদ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অপরাধে আদর্শ ফার্মেসিকে ৩০ হাজার টাকা, মেসার্স শাহা মেডিকেল হলকে ২০ হাজার টাকা এবং বেঙ্গল মেডিকেল হলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন।

এছাড়াও নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং যৌথ বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন।