এফএ কাপে সন্ধ্যায় মাঠে নামবে হামজা

১০ জানুয়ারী, ২০২৬

ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এফএ কাপে চলছে তৃতীয় রাউন্ডের উত্তেজনা। বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি আজ শনিবার সন্ধ্যায় মাঠে নামছে লিগ-টু ক্লাব শেল্টেনহাম টাউনের বিপক্ষে। 

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ইভি চার্জার পয়েন্ট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টিএনটি স্পোর্টস।

লেস্টারের প্রতিপক্ষ শেল্টেনহাম টাউন বর্তমানে খেলছে ইংল্যান্ডের লিগ-টুতে। ২৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তারা রয়েছে পয়েন্ট টেবিলের ১৮ নম্বরে। অন্যদিকে সাবেক প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটি এখন খেলছে ইংলিশ চ্যাম্পিয়নশিপে। ২৬ ম্যাচে ৩৭ পয়েন্ট সংগ্রহ করে মার্টি সিফুয়েন্তেসের দল অবস্থান করছে তালিকার ১২ নম্বরে। উল্লেখযোগ্য যে, ২০২৪ সালেও শীর্ষ লিগ প্রিমিয়ার লিগে খেলেছে লেস্টার।

দুই দলের মুখোমুখি হওয়ার ইতিহাস খুব বেশি নয়। এর আগে মাত্র একবারই তাদের দেখা হয়েছিল ২০১৯ সালে একটি প্রীতি ম্যাচে, যেখানে ২-১ গোলে জয় পায় লেস্টার সিটি। সাম্প্রতিক সময়ে শেল্টেনহাম সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ছয় ম্যাচে তিনটি জয়, একটি ড্র ও দুটি হার দেখেছে।

অন্যদিকে লেস্টারের সাম্প্রতিক ছয় ম্যাচে কোনো ড্র নেই। তারা তিন ম্যাচে জয় ও তিন ম্যাচে পরাজয়ের স্বাদ পেয়েছে। তবে গত সোমবার ইংলিশ চ্যাম্পিয়নশিপে ওয়েস্ট ব্রোমউইচ আলবিয়নের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় লেস্টারকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে।

ওই ম্যাচেই বেশ কয়েকটি ম্যাচ পর লেস্টারের শুরুর একাদশে ফিরেছিলেন হামজা চৌধুরী। পুরো ৯০ মিনিট মাঠে থাকা বাংলাদেশের ‘নম্বর এইট’ এফএ কাপের ম্যাচেও শুরুর একাদশে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। যদিও ওয়েস্ট ব্রোমউইচের বিপক্ষে তাকে খেলানো হয়েছিল লেফট-ব্যাক পজিশনে, সেখানে তিনি ছিলেন বেশ কার্যকর।

জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর শুরুতে আক্রমণভাগের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় আদেলাকুন ও আইজাক হাচিনসনকে হারিয়ে কিছুটা দুর্বল হয়েছে শেল্টেনহাম। এই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে আধিপত্য দেখাতে চাইবে লেস্টার সিটি।