টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১

১১ জানুয়ারী, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ মামুন (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রবিবার ভোরে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মামুন লালমনিরহাট জেলার সদর উপজেলার খোটামারা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। তিনি টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় মিরা নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, মরকুন পশ্চিমপাড়া এলাকায় মামুন নামে এক অস্ত্রধারী অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল মিরার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতে পূর্ব আরিচপুর সরকার বাড়ি রোডে সাবেক কাউন্সিলর শাহ আলম রিপনের বাসার অপর ভাড়াটিয়া সুজনের কক্ষে তল্লাশি চালিয়ে সিলিংয়ের ওপর থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদি হাসান বলেন, বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।