‘সুষ্ঠু ভোট হলে মা-বোনেরা জামায়াতকেই বেছে নেবে’

১২ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের নারী ভোটাররা জামায়াতে ইসলামীর পক্ষেই রায় দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভারস আইজাবসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “জনগণের ওপর আমাদের শতভাগ আস্থা রয়েছে। তারা আগামী নির্বাচনে সুশাসন নিশ্চিত করবে। আমরা শুধু একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই।” তিনি আরও যোগ করেন, জনগণের রায়ে অন্য কোনো দল ক্ষমতায় এলেও জামায়াত তাদের সহযোগিতা করবে, যদি তারা দুর্নীতিমুক্ত দেশ গঠন ও বিচার বিভাগের সংস্কারে অঙ্গীকারবদ্ধ থাকে।

নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়ে জামায়াত আমির বলেন, “এবারের নির্বাচন যদি জনগণের হাতছাড়া হয়ে যায়, তবে আর কবে তারা ভোটাধিকার ফিরে পাবে তা অনিশ্চিত।” কোনো ধরনের অনিয়মের শঙ্কা দেখা দিলে প্রথমে নির্বাচন কমিশনকে এবং পরবর্তীতে জাতিকে জানানো হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান দেশের গণমাধ্যমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে এবং জুলাই গণঅভ্যুত্থানের সময়ও কিছু গণমাধ্যম একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে ছিল। তিনি বলেন, “গণমাধ্যম যদি পরাধীনতার শৃঙ্খল পরে, তবে তা জনগণের সঙ্গে প্রতারণা হবে। জনগণ সব মনে রাখছে, কাউকে বোকা ভাবার কারণ নেই।”

বৈদেশিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্ব ও প্রতিবেশীসুলভ আচরণ বজায় রাখা হবে। এছাড়া ১১ দলের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতার বিষয়টি মঙ্গলবারের মধ্যে স্পষ্ট হবে বলেও জানান তিনি।