দিনাজপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

১৩ জানুয়ারী, ২০২৬

দিনাজপুরের বিরল উপজেলায় ড্রেজার মেশিন ব্যবহার করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জরিমানাপ্রাপ্ত ব্যক্তি রফিকুল ইসলাম (৫৫)। তিনি বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার বিকেলের দিকে বিরল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ সরেজমিনে উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ধর্মপুর ইউনিয়নের রাণীপুর স্লুইচগেট সংলগ্ন পুনর্ভবা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে রফিকুল ইসলামকে তাৎক্ষণিকভাবে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ধর্মপুর ফরেস্ট বিট কর্মকর্তা মহসীন আলী, বিরল থানার পুলিশ সদস্যসহ ধর্মপুর ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সহযোগিতা করে।