১৪ জানুয়ারী, ২০২৬
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও ফেলানীর ছোট ভাই আরফান হোসেন বলেছেন, জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করার কাজ করব। সীমান্তে আমার বোনকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল, আমি এখন সীমান্তরক্ষী বাহিনীর একজন সৈনিক। আমি চাইব না, আমার বোনের মতো আর কারও মা-বাবা তাদের সন্তান হারাক, কিংবা ভাই বা বোন হারাক।
বুধবার (১৪ জানুয়ারি) বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনীতে শপথ শেষে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ-ভারত সীমান্তে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা এলাকায় ২০১১ সালের ৭ জানুয়ারি গুলি করে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয় ফেলানী খাতুনকে। এ ঘটনার প্রায় ১৫ বছর পর ফেলানীর ছোট ভাই বিজিবিতে নিয়োগ পেলেন।
বুধবার চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিঅ্যান্ডসি) ঐতিহ্যবাহী ‘বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে’ নবীন সৈনিকদের শপথগ্রহণ এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে আরফান হোসেন সাংবাদিকদের বলেন, ২০১১ সালে আমার বয়স তখন ৬-৭ বছর হবে। তখন আমার বড় বোন ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়। এরপর থেকেই আমার মা-বাবার ইচ্ছে ছিল আমি যেন এই বাহিনীতে যোগদান করতে পারি এবং দেশের জন্য কাজ করতে পারি। সেই লক্ষ্য নিয়েই আমি নিজেকে গড়ে তুলি এবং বিজিবিতে আসি।
আরফান জানান, তারা তিন ভাই, দুই বোন। ২০২২ সালে তিনি স্থানীয় নাখারগঞ্জ হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। ২০২৪ সালে স্থানীয় একটি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন।
গত বছর বিজিবির সার্কুলার হলে তিনি আবেদন করেন। প্রাথমিক বাছাই প্রক্রিয়া শেষে গত চার মাস প্রশিক্ষণ নেন। কঠোর পরিশ্রমের পর আজ তাদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো।