১৬ জানুয়ারী, ২০২৬
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাবেক ছাত্র কর্মপরিষদের সহসভাপতি (ভিপি) এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কলেজ শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন তুষারকে ধরে পুলিশে দিয়েছে জনতা।
বৃহস্পতিবার রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।
আটককৃত মঈন তুষার বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। সে বিএম কলেজ ছাত্র সংসদ বাকসুর অস্থায়ী ছাত্র কর্মপরিষদের ভিপি ছিলেন।
উত্তরা পশ্চিম থানার ওসি রফিক আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে উত্তরা আধুনিক মেডিকেলের সামনে থেকে স্থানীয় জনতা মঈন তুষারকে আটক করে পুলিশে খবর দেয়। তারপর পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।
বরিশালের কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত থেকে থানার সঙ্গে যোগাযোগ হয়েছে। তাকে বরিশালের মামলায় গ্রেফতারের দেখানোর জন্য কাগজপত্র পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে মঈন তুষারকে বরিশালে নিয়ে আসা হবে।
মঈন তুষার বরিশালে বিএনপি দলীয় কার্যালয় ভাঙচুরসহ একাধিক মামলার আসামি বলেও তিনি জানান।