১৭ জানুয়ারী, ২০২৬
আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৩০০ আসনে স্বতন্ত্র প্রার্থীরা জোটবদ্ধভাবে ভোট করবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ।
শনিবার রাজধানীর তেজকুনিপাড়ায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে স্বতন্ত্র সরকার গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম।
আব্দুর রহিম বলেন, বর্তমানে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ৪৭৩ জন। এর পাশাপাশি বিভিন্ন ছোট ছোট দল থেকে অন্তত আরও ১০০ জন প্রার্থী রয়েছেন। সব মিলিয়ে ৩০০টি আসনের জন্য আমাদের সংগঠন থেকে চূড়ান্তভাবে ৩০০ জন প্রার্থীকে সমর্থন দিয়ে জোটবদ্ধভাবে নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। সভায় নয় দফা নির্বাচনী ইশতেহার তুলে ধরা হয়। ইশতেহারে রয়েছে-ভোটাধিকার প্রতিষ্ঠা। রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সংস্কার, জনগণের অধিকার, নিরাপত্তা ও জনকল্যাণের পরিপন্থী সংবিধান বা আইনের যেকোনো বিধান বাতিল, দুর্নীতির নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করণ, অর্থপাচার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, পিছিয়ে পড়া মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক জনগোষ্ঠী ও বস্তিবাসীর জীবনমান উন্নয়ন, শহীদ পরিবারের কলমিলতা বাজারের ২০১৭ সালের আইন অনুযায়ী ক্ষতিপূরণ আদায়।
সভায় আরও বক্তব্য রাখেন প্রফেসর ডা. গোলাম কবির, মো. জয়নুল আবেদীন, খাইরুজ্জামান শিপন, আকবর হোসেন ফাইটন, সিউলি আক্তার, জেসমিন আক্তার প্রমূখ।