সাভারের আমিনবাজারে ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৮ জানুয়ারী, ২০২৬

সাভারের আমিনবাজার এলাকায় টহল চলাকালে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্পের সদস্যরা। আটক যুবকের নাম মো. আপন ইসলাম আগুন (২৬)। সে ঢাকা জেলার সাভার থানার আমিন বাজার বেরদেশী এলাকার শামসুল হকের ছেলে।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে হেমায়েতপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি নিয়মিত টহল দল সাভার থানার আমিনবাজার বোরদেশী ও হেমায়েতপুর এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় টহলদলটি হেমায়েতপুর বোরদেশী মফিদ-ই-আম স্কুলের সামনে কয়েকজন ব্যক্তিকে ইয়াবা সেবন ও বিক্রয় কার্যক্রমে লিপ্ত অবস্থায় দেখতে পায়। এ সময় মাদক কারবারিরা বাংলাদেশ সেনা বাহিনী (আর্মির) টহল গাড়ি দেখতে পেয়ে পালাতে চেষ্টা করে।

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এক মাদক কারবারিকে আটক করে।

তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ হাজার ৪৫০ টাকা নগদ (ইয়াবা বিক্রির টাকা বলে ধারণা করা হচ্ছে), ২টি মোবাইল ফোন, ছিনতাইয়ে ব্যবহৃত ২টি ছুরি, মাদক সেবনে ব্যবহৃত ১টি সিরিঞ্জ এবং ২টি এফেড্রিন (ইনজেকশনযোগ্য মাদক) উদ্ধার করে।

বাংলাদেশ সেনা বাহিনীর (আর্মি) প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক ইয়াবা বিক্রয় ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

পরবর্তীতে আটক যুবক এবং উদ্ধারকৃত মাদক, অস্ত্র, মোবাইল ফোন ও নগদ অর্থসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।