১৮ জানুয়ারী, ২০২৬
কক্সবাজারের উখিয়া উপজেলা মরিচ্যা কাওয়াছড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দেওয়া নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকালে এ অভিযান পরিচালনা করেন স্থানীয় ছাত্র-জনতা ও আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের কর্মকর্তারা।
স্থানীয়রা জানায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে নকল বিড়ি বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার উখিয়া উপজেলা মরিচ্যা কাওয়াছড়ি এলাকার কয়েকটি হোলসেলস দোকানে অভিযান চালায় স্থানীয় ছাত্র-জনতা ও আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের কর্মকর্তারা।
এসময় ব্যবসায়ী ছলিম এর দোকান থেকে তিন হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি উদ্ধার করা হয়। অভিযান শেষে জব্দকৃত নকল বিড়ি জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক (ইনচার্জ) মো. জসিম উদ্দিন জানান, কিছু অসাধু চক্র সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বিড়ি ও সিগারেটে নকল ব্যান্ডরোল ব্যবহার করে কম দামে বিড়ি বিক্রি করছে। এতে সরকার বিপুল পরিমানে রাজস্ব হারাচ্ছে। নকল বিড়ি বন্ধে পুলিশ, র্যাব, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহযোগীতা কামনা করছি।