১৮ জানুয়ারী, ২০২৬
পঞ্চগড়ে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। টানা ৯ দিন ধরে এই তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে বিরাজ করছে। রবিবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ।
এদিকে আবহাওয়ার তারতম্যের কারণে জেলার আধুনিক সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে দিন দিন বাড়ছে রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্করা ভুগছেন ঠান্ডাজনিত নানান রোগে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বর্তমানে তাপমাত্রা ওঠানামা করছে ১০ ডিগ্রির ঘরে। কখনও মাঝারি কখনো বা মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে জেলার ওপর দিয়ে। তাই শীত ও গরম দুটোই অনুভূত হচ্ছে।
উল্লেখ্য, গতকালও তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।