১৯ জানুয়ারী, ২০২৬
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপপ্রাপ্ত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ৩২ শিক্ষার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
সোমবার বিকেল ৪টায় একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
সভায় উপাচার্য বলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ কেবল অর্থমূল্যে নয়, মর্যাদার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। তিনি বলেন, ফেলোশিপপ্রাপ্ত এই ৩২ শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ের চেহারা পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। নানা সীমাবদ্ধতার মধ্যেও গোবিপ্রবিকে বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উন্নীত করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভবিষ্যতেও তারা এই সাফল্যের ধারা অব্যাহত রেখে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বাড়াবে।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি ও ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।