রাঙামাটিতে প্রার্থীদের নির্বাচনি প্রচারণা শুরু

২৩ জানুয়ারী, ২০২৬

প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নেমেছে রাঙামাটি ২৯৯ নং আসনের প্রার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে পুষ্পস্থবক অর্পণের পর নির্বাচনের প্রচারণা শুরু করেন রাঙামাটি জেলা বিএনপির প্রার্থী এ্যাডভোকেট দীপনে দেওয়ান। 

এ সময় তার সফর সঙ্গী ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) মনীষ দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ, যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল। 

পরে রাঙামাটি বিএনপির প্রার্থী এ্যাডভোকেট দীপনে দেওয়ান রাঙামাটির কাপ্তাই উপজেলা থেকে নির্বাচনের প্রচারণা শুরু করেন। এ সময় স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের উন্নয়নের নানা প্রতিশ্রতি দেন। 

রাঙামাটি বিএনপির প্রার্থী এ্যাডভোকেট দীপনে দেওয়ান বলেন, রাঙামাটি ২৯৯নং আসন বিজয়ী করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়া হবে।

অন্যদিকে রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিণা বাজার থেকে নির্বাচনের প্রচারণা শুরু করেছে গণতন্ত্র মঞ্চের সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জুঁই চাকমা। 

বৃহস্পতিবার সকাল থেকে বরকল উপজেলার ছোট হরিণা বাজারে জুঁই চাকমা তার নির্বাচনি ইশতেহার বিলি করেন। একই সাথে গণসংযোগ ও পথসভার মাধ্যমে নির্বাচনি প্রচারণা করেন। একই সাথে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাঙালিদের বিভিন্ন প্রতিশ্রুতি দেন। 

প্রসঙ্গত, রাঙামাটি ২৯৯ নং আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন, রাঙামাটি বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান (ধানের শীষ), ১১ দলীয় জোটের বাংলাদেশ খেলাফাত মজলিসের মুহাম্মদ আবু বকর ছিদ্দিক (রিক্সা), একমাত্র স্বতন্ত্র পহেল চাকমা (ফুটবল), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুঁই চাকমা (কোদাল), জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার (নাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জসিম উদ্দিন (হাতপাখা) ও গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আবুল বাশার বাদশা (ট্রাক) প্রতীক নিয়ে লড়ছেন।