২৪ জানুয়ারী, ২০২৬
এবার যেকোনো ধরনের হামলাকে নিজেদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরীসহ অন্যান্য ভারী নৌযান ও যুদ্ধজাহাজ মোতায়েনের পরিস্থিতিতে এ মন্তব্য করেছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ঐ কর্মকর্তা বলেন, ‘মার্কিন রণতরীকে আপাতত বাস্তব যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে না ইরান। তবে সবচেয়ে খারাপ প্রেক্ষাপটের জন্য ইরানের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।’ইরানি কর্মকর্তা বলেন, ‘ছোট-বড় যেকোনো হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করে কঠোরভাবে পাল্টা হামলা চালাবে ইরান। আমেরিকানরা যদি ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে, তাহলে আমরা জবাব দেবো।’
তবে তিনি সেই জবাব কেমন হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে রাজি হননি।এর আগে ২২ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের একটি নৌবহর ইরানের দিকে এগোচ্ছে, তবে তিনি আশা করেন সেটি ব্যবহার করতে হবে না। একই সঙ্গে তিনি ইরানকে বিক্ষোভকারীদের হত্যা বা পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু না করার বিষয়ে নতুন করে সতর্ক করেন।’