রাজধানীতে বাসের ধাক্কায় ব্যবসায়ীর প্রাণহানি

২৪ জানুয়ারী, ২০২৬

রাজধানীর খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় জাকির হোসেন চৌধুরী (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।নিহত জাকির হোসেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার তেলপারটেক গ্রামের মৃত কালামিয়া চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।শনিবার বিকেল পৌনে তিনটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতের ছোট ছেলে আফাজ উদ্দিন জানান, তার বাবা একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী ছিলেন।

শনিবার দুপুর বারোটার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় ‘সাকুরা’ নামে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে নেওয়ার পর তাকে আর বাঁচানো যায়নি।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে অবহিত করা হয়েছে।