২৪ জানুয়ারী, ২০২৬
নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শহীদ ওসমান হাদির মেঝ ভাই ওমর বিন হাদি।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগ থানায় এ জিডি করা হয়।
জিডিতে ওমর বিন হাদি উল্লেখ করেন, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকে তিনি ও হাদির সন্তানকে হত্যা করা হতে পারে, এমন আশঙ্কায় ভুগছেন। কারণ এখনো হাদির হত্যাকারী চক্র গ্রেফতার হয়নি।
এ অবস্থায় খুনি চক্র যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। ফলে তিনি ও হাদির সন্তান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জিডিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে তাদের পরিবারের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে। একইসঙ্গে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ওমর বিন হাদি।
এ বিষয়ে রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, শহীদ ওসমান হাদির পরিবারের সদস্যরা নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে শাহবাগ থানায় একটি জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।