২৫ জানুয়ারী, ২০২৬
চট্টগ্রামে বিএনপির সমাবেশে মিছিল নিয়ে যাওয়ার ভিডিও করতে গিয়ে স্ট্রোক করে সাইদুল ইসলাম চিশতি নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত সাইদুল ইসলাম নগরীর কোতোয়ালী থানার এনায়েতবাজার এলাকার গোয়ালপাড়ার বাসিন্দা নজরুল ইসলাম বাবুর ছেলে।
কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল হাসান সোনা মানিক বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশে যোগ দেওয়ার ছাত্রদলের একটি মিছিল পলোগ্রাউন্ড মাঠের দিকে যাচ্ছিলো। ওই মিছিলের ভিডিও করতে গিয়ে ভিড়ের মধ্যে চিশতি মাথা ঘুরে পড়ে যায়। এছাড়া আরও একজন অসুস্থ হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা জানান, স্ট্রোক কারণে সাইদুলের মৃত্যু হয়েছে।
জানা গেছে, সাইদুল ইসলাম চিশতি দল পাগল ছেলে। তার পিতাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। মিছিল বের হলেই সাইদুল ভিডিও করতো। তাকে মিছিলে যেতে নিষেধ করলেও, সে চলে যেতো। লেখাপড়ার পাশাপাশি ফুটবল খেলোয়াড় হিসেবে অল্প সময়ে বেশ জনপ্রিয়তা অর্জন করে সাইদুল।