বিশ্ব কুষ্ঠ দিবসে কুড়িগ্রামে র‌্যালি ও সভা

২৫ জানুয়ারী, ২০২৬

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে কুড়িগ্রামে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে। রবিবার দুপুরে কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

পরে কার্যালয়ের মিলনায়তনে ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. সাদিকুর রহমান, ডেপুটি সিভিল সার্জন আনম গোলাম মোহাইমেন, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ওমর ফারুকসহ অন্যরা বক্তব্য রাখেন।

বক্তারা জানান, কুষ্ঠ রোগ এখন আর আতঙ্কের বিষয় নয়। আক্রান্ত রোগী সঠিকভাবে ৬ থেকে ১২ মাস পর্যন্ত নিয়মিত ওষুধ সেবন করলে একদম সুস্থ হয়ে ওঠে। প্রতিটি জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে কুষ্ঠ রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। বছরে গড়ে প্রায় ৮১ জন কুষ্ঠ রোগে আক্রান্ত হচ্ছেন।

তারা আরও বলেন, বর্তমান সরকারি-বেসরকারিভাবে সহায়তা ও জনবল অপেক্ষাকৃত কম থাকায় জেলায় কুষ্ঠ রোগী শনাক্তের সংখ্যা কমে যাচ্ছে। সহায়তা বৃদ্ধি ও জনবল সংকট নিরসনে সরকারকে আরও উদ্যোগ নিতে হবে।

স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় কুড়িগ্রাম সিভিল সার্জনের আয়োজনে এ আয়েজনে সহযোগিতা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।